কবিতা ছন্দ
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 23 ফেব্রুয়ারি, 2024, সকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা কবিতার ছন্দ
কবিতার বিষয় অন্যান্য

এ ছন্দ কেন আসে
কেন পঙক্তি মনে ভাসে,
কেন কবিতার ধারা না হয় সারা
প্রকৃতি পরবাসে।

এ ছন্দ কেন গোপনে গোপনে
বহে আনন্দ শয়নে স্বপনে,
ভাবি আমি বিজনে গহনে
নিরলস প্রয়াসে।

এ ছন্দ প্রবাহ উচ্ছল তটিনী
ভাঙিছে গড়িছে দিবস যামিনী,
তারই মাঝে চমকিত দামিনী
নব নব উল্লাসে।

এ ছন্দ কখনো মরীচিকা সম
লেখকের মনে জাগায় ভ্রম,
মিলাতে চাহিলেও মেলেনা যখন
ধৈর্যহীন রচয়িতা সীমাহীন বিরসে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments