| কবিতা | দুঃখ গুলো যখন পাহাড় হয় |
| কবি | আজিজুল হক |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, রাজনৈতিক, স্বাধীনতা |
***দুঃখ গুলো যখন পাহাড় হয়***
©আজিজুল হক
কি আর দিতে পারবে শেষ পর্যন্ত
দুদিনের জীবনে!
হয়তো তোমার সইতে না পারা অজস্র ব্যথা আর বুক ভরা প্রত্যাখ্যান ?
আগলে রাখব আমার হৃদয়ের
প্রকোষ্ঠ গুলো তে,
সাজিয়ে রাখবো ঘর সাজানো ফুলের সাজি তে !
পাথর ভেঙে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ঠাঁই আমার হৃদপিণ্ডের
ব্যথার সাধ্য কি তাতে আঘাত করার!
ব্যাথা গুলো আগ্নেয়গিরির মত প্রজ্বলিত হয়ে উদ্বেলিত করে তুলবে আমাদের হারানো সুন্দর মুহূর্ত গুলো,
যে সময় আমার বুকে মাথা রেখে তুমি স্বপ্ন দেখতে পাহাড় ছোঁয়ার,
আমার বুকে হাত রেখে তুমি স্পর্শ করতে স্বর্গের অলিগলি।
আমি সেই স্পর্শে সমুদ্রের মত শুধু বয়ে যেতাম অনাবিল আনন্দে,
আমার ভালোবাসায় থেমে যাবার কোন মুহূর্ত নেই,
কেন না সেই মেহেরগড় থেকে শুরু করে মায়া, সিন্ধু কত পথ পেরিয়ে আজ তুমি আমার অভিমানী সত্তা কে স্পর্শ করতে পারোনি বলেই
ব্যাথা গুলো আমায় দিয়ে আনন্দ করবার মিথ্যে অভিনয় কর!
আসলে তুমি বুকে বেঁধে রেখেছ আমার দেয়া এক জোড়া লাল গোলাপ।
সমুদ্র যেমন সব দুঃখ কে ভালোবেসে আগলে নিয়ে বয়ে চলে অভিরাম,
তোমার দেয়া সেই অভিমানের পাহাড় গুলোকে আমিও বুকে আগলে রেখে বসত ভূমি বানাবো ,
ভবঘুরে প্রেমিকের দুঃখ গুলো সেখানে হাসতে হাসতে খেলবে,
আগলে রাখবে পরস্পরকে বুকে জড়িয়ে!
দেখি ,তোমার দেয়া যাবতীয় দুঃখ গুলো কত দুঃসাহসী
আমার দুঃখ ভরা ভালোবাসার পাহাড় গুলো কে ভেদ করতে পারে?
আমি পরম আদরে তোমার ছুঁড়ে ফেলা দুঃখ গুলো কে বুক পেতে বুকে নেবো,
আমার বুকে দেখ,ওরা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে ভালোবাসার পরম আনন্দে।
আমাদের একলা থাকা মুহূর্ত গুলো পরম যত্নে আমাদের দুঃখ ,অভিমান গুলোকে
ঠাঁই দেবে নিশ্চিন্তে নির্বিবাদে,
আমি ফিরে যাবো সেই মুহূর্ত গুলোর কাছে পুনরায়,পুনর্বার,
মেনে নেবো সব মান অভিমানের মুহূর্ত গুলো কে ,
ওগুলো অ্যালবামে জমিয়ে রাখার জন্য নয়,
ওগুলো দিয়ে নিঃসঙ্গতায় বসে থাকা ,মিছিলে হাটা বাংলাকে উপহার দেব
একটা প্রতিবাদ।
আগুন জ্বলুক এবার ওদের বুকে,
সমাবেশে সম্মিলিত হয়ে উঠুক জেহাদি নিঃসঙ্গতা,
সেখানে মন্দির ,মসজিদ ,গির্জা নয়,
ব্যথার পাহাড় গড়ে উঠুক,
আমি পাথর ভাঙবো ,
পথ তৈরি হবে বিপ্লবের,
দাও ব্যাথা , যত টা দিতে পার,
যত টা আছে তোমার বুকে,
আমি ব্যাথাতুর বুকে আদরে সোহাগে তোমার দুঃখ গুলোকে
সৃষ্টির সাগরে জন্ম দেব,
উৎফুল্লিত প্রাণ খেলবে তাতে।
আমি হব তাদের জন্ম মুহূর্তের সাক্ষী।
©আজিজুল হক