| কবিতা | পাহাড়ি ফুল |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | তরঙ্গ |
| সময় | 16 সেপ্টেম্বর, 2023,রাত্রি |
| লিখার স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ,ভারত |
| সম্পৃক্ততা | প্রস্ফুটিত কুসুম |
| কবিতার বিষয় | প্রকৃতি |
তুমি কি ঐ বনের কুসুম
নাম-না-জানা অচেনা পথে দূরের শোভা?
প্রভাতের ঐ আলোক ধারায় হেসে হেসে
ফুটেছো, কোন্ দিগ্-ভ্রান্ত পথিকের লাগি
হাতছানি ঐ দিয়েছো?
কোন্ আঁকা বাঁকা পথ বেয়ে
তোমার পানে যায় সে ধেয়ে
পাহাড়ের শীতল হাওয়া, দুলে দুলে
কাহার তরে কী বার্তা ঐ দিতেছো?
রঙের তোমার কত বাহার
পতঙ্গে দাও দিনের আহার,
প্রকৃতির মনের সুখে নিজের চোখে
যতন করা রঙিন সাজে সেজেছো।
শীতের ভোরে তুষার ঝরে হিমাঙ্কের ঐ আশেপাশে
তবু তুমি উন্নত শিরে দাঁড়ায়ে রহো নিজের বশে।
তুষারের গুঁড়ি গুঁড়ি কোথাও নাহি ঝরে বারি
সেই হিমেতে শুভ্র বেশে প্রভাত বেলায় প্রকাশো!!