| কবিতা | যারা একদিন |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | আগস্ট , ২০২২, সকাল |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, প্রতিবাদ |
যারা একদিন
——————-
——-নজরুল ইসলাম খান
যারা একদিন খেতে পায়নি ;
তিনবেলার মধ্যে দুই বেলাই থেকেছে অভুক্ত ,
একবার খেয়েছে কোন মতে,
তাদের ঘরেই আজ বেশি খাদ্যের সমাহার ।
ঢেলে ভরে ও ফুরায়না তাদের রমরমা ভাব ।
যাদের ভাঙা ঘরের চালা দিয়ে একদিন বৃষ্টির পানি পড়তো ;
কোনমতে জড়সড় হয়ে রাতটা কাটিয়ে দিত নির্ঘুম,
যাদের বৌয়েরা পরের বাড়ি কাজ করে,
বারা ভেনে সংসার চালাতো ,
কাপড়ের অভাবে ঠিকমতো ইজ্জত ঢাকতে পারতো না ,
তাদের ঘরেই আজ সবচেয়ে বেশি শানশওকত ।
ঐশ্বর্য জানান দিচ্ছে মাথা উঁচু করে দাড়িয়ে থাকা আকাশ চুম্বি আলিশান বাড়ি তাদের ।
যাদের একসময় পিঠের চামড়া তুলে নিয়েছে অন্যেরা ;
যারা একটু ন্যায় বিচারের জন্য ধন্যা দিয়েছে ক্ষমতাশীলদের দ্বারে দ্বারে ,
যাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বারবার,
তারাই আজ ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে বিচার করছে
অপরের ।
তাদের দরজায় ভিড় করছে নিরাপত্তার জন্য সব মজলুম ।
যাদের একদিন এগুলো সবই ছিল ;
অনেক বেশি বেশি ছিল ,
যারা এতদিন ধরাকে সরা জ্ঞান করেছে ,
তারই এখন এসবের কাঙাল ।
ঠিক যেন রথের চাকা ঘুরে উপর-নীচ হওয়া।
নদীর একূল ভেঙে ওকূল গড়া।
০৪/০৮/২০২২
টুটপাড়া , খুলনা