কবিতা ভেজা ভেজা দৃশ্য
কবি তাহমীদ চৌধুরী
সময় ২৩ মে ২০২৩
লিখার স্থান তেজগাঁও, ঢাকা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, প্রকৃতি
4/5 - (1 vote)

বৃষ্টি বলতে, বলতে পারি—
বিষণ্ণ কুচকাওয়াজ,
ছাতার নিচে মুখোশের মিছিল টুকরো টুকরো
আসমান-জমিনের অলৌকিক আলিঙ্গন
কিংবা
প্লাবিত শহুরে সড়কে নীলাভ সিনেম্যাটিক সিন,
তাতে—
মেল্যো ব্যাকগ্রাউন্ড টোনের সাথে
কারও ওড়নার রিদমিক দোল
আর ব্যাঙের শরীরের মতন রিকশার টোপর
যেসব রঙিন ছদ্মবেশের নীচে, নিশ্চুপ বসে
নিয়মিত দীর্ঘশ্বাস নিয়ে আগামীকালে ফিরছে
ক্লান্ত জীবন!

প্রকৃতার্থে বৃষ্টি বলতে—
গরম জামার জীবন ছিন্নমূলের
বসতির খুঁটির পানে সালেহার
ম্লান কাঁপা কাঁপা দৃষ্টির বদলে
নিমের ডালের মতো স্থির চোখ
নিজের জন্য পূবের খোলা জানালা
আর শান্তির জন্য একটা সাঁওতালি খোয়াড়ে
ঘাস খাচ্ছে শুয়োর ছানারা; এমন কোনো দৃশ্যের জন্মলগ্নের পুঁথি শোনাতে চাই,
তোমাকে।

২৩ মে/২৩
নাখালপাড়া

guest
0 Comments
Newest
Oldest Most Voted