কবিতা রবীন্দ্রনাথ,মাধবীলতা এবং….
কবি আজিজুল হক
সময় 8/5/22
উৎসর্গ দেশপ্রেমিকদের
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
সম্পৃক্ততা বর্তমান সমাজ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, প্রেম
Review This Poem

কবি পক্ষে আমার শ্রদ্ধাঞ্জলি
……
রবীন্দ্রনাথ, মাধবীলতা এবং …..
……………….আজিজুল হক ..

প্রিয় রবীন্দ্রনাথ, ভাল আছ তুমি!
তোমার সেই মানুষ গুলোর কথা মনে আছে নিশ্চয়ই?
ওরা কাজ করে কিংবা রাশিয়ার চিঠি!
ভুলে যাওনি নিশ্চয়ই?
বড্ড দুর্দিন আজ রবীন্দ্রনাথ, বড্ড দুর্দিন!
এই তো কদিন আগেও মানুষ গুলো হাজার হাজার কিলোমিটার পথ পায়ে হেটে পাড়ি দেবার অদম্য লড়াইয়ে রাষ্ট্র নামক দানবের বুকে লাথি মেরে
আজ ক্লান্ত বটে …তবুও থামেনি তাঁদের শ্বাসযন্ত্র …
লড়াই তবুও ক্লান্তিহীন!
রবীন্দ্রনাথ, যে আছে মাটির কাছাকাছি, তাঁর গান শুনিবার লাগি তুমি প্রার্থনা করেছিলে,
তাঁর গান শুনিবার লাগি আজও হয়তো অপেক্ষা কর!
প্রিয় রবীন্দ্রনাথ, বিপ্লব মানুষের মনেতে জন্মায়,
জন্ম হয় তোমারই হাত ধরে!
মন্তেস্কূ, রুশো, ভলতেয়ার,রবীন্দ্রনাথ তুমি কিংবা
নজরুলের বিদ্রোহী ভৃগুর ভগবানের বুকে পদ চিন্হ এঁকে দেবার দুঃশাহস…!
সে তো তোমারই উপহার!
আমি সেই সন্ধিক্ষণের সরব সাক্ষী হতে চাই
প্রিয় রবীন্দ্রনাথ!
জান রবীন্দ্রনাথ, আজকাল না আর অনিমেষরা বেঁচে নেই!
তাঁরা আজ আর বিপ্লবের কথা বলে না, স্বপ্ন দেখে না আর বিপ্লবের!
সমাজতন্ত্র ,স্বাধীনতা তাঁদের উজ্জীবিত করে না!
বিকিয়ে গেছে সব চিত্ত তাঁদের নয়তো বিক্রি হয়ে গেছে হৃদয়টা..
মাধবীলতাও আজ আর নেই ..!যে বা যারা অনিমেষদের বাঁচতে শেখায়, বিপ্লবের মন্ত্রে উজ্জীবিত হতে হাতেখড়ি দেয়!
মাধবীলতা-রা বিপ্লব কে স্বপ্ন দেখায়,
কেন না মাধবীলতাই বিপ্লবের জন্মধাত্রী,
বিপ্লবের পুণ্যভূমি।
অথচ এখন ভীড় বাড়ে মদের দোকানে, ভীড় বাড়ে রেস্তোরায়, ভীড় বাড়ে পর্নোগ্রাফিতে!
প্রিয় রবীন্দ্রনাথ, হয়তো তুমি ভাল আছ!
ভাল নেই আমি।
জান, রবীন্দ্রনাথ, আজ যদি তোমার নজরুল বেঁচে থাকত,কিংবা তোমার সুকান্ত-
যে প্রিয়তমাসুর সন্ধানে তিউনিশিয়া থেকে আফ্রিকায় জ্বলন্ত পথে অগ্নিচিত্ত হৃদয়ে বিপ্লবের মন্ত্র কে উজ্জীবিত করতে মাধবীলতার অবিরত স্বপ্ন দেখত—-
রবীন্দ্রনাথ, বড্ড বেশি মনে পড়ে তোমায়,
বড্ড বেশি মনে পড়ে তোমার সমালোচনাও-
তুমি নাকি বুর্জোয়া কবি—
নিন্দুকেরা বলে …!
কত সমালোচনা, আলোচনা, বাদ-প্রতিবাদের মধ্য দিয়েও আজও তুমি বিশ্বহৃদয়ে ভাস্বর,
রবীন্দ্রনাথ ছাড়া আজও বেঁচে থাকতে পারি না আমরা,
বড্ড অসহায় আমরা॥
রবীন্দ্রনাথ! তুমি আমার ভালবাসার কবি!
জান রবীন্দ্রনাথ, তোমার সেই ভিক্টোরিয়া ওকম্পারা
আজও মাধবীলতা কে স্বপ্ন দেখায় ..
ওরা মাধবীলতার জন্ম দেয়!!
নিকুঞ্জরাও মামুনির শবদেহ বুকে চেপে রেখে
কাজ করে মাঠে ,ঘাটে কিংবা পথে-প্রান্তরে।
প্রিয় রবীন্দ্রনাথ, হারিয়ে যাওনি তুমি, হারিয়ে যাওযার নও–
তোমাকে বাদ দিয়ে বাংলা সাহিত্য, বাংলা ভাষা আজও অচল,
তোমাকে বাদ দিয়ে বুভুক্ষ মানুষ গুলোর ম্ল্যণ মুখে ভাষা দেবার দুঃশাহস আজও কেউ দেখাল না॥
রবীন্দ্রনাথ, জানি, এ কবিতা নয়-
তোমাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার দুঃশাহস মাত্র!
ভাল থেকো রবীন্দ্রনাথ, ভাল থেকো তুমি।
ফিরে এস আবার, বারবার এ দেশেই,
এই বাংলার বুকে …
সৃষ্টি সুখের উল্লাসে
আমি অপেক্ষায় থাকব।
আজিজুল হক
8/5/22

guest
0 Comments
Newest
Oldest Most Voted