| কবিতা | রুদ্র ,রৌদ্র – রোদ্দুর |
| কবি | আজিজুল হক |
| সময় | 28/8/22 |
| উৎসর্গ | মাধবীলতা কে |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| সম্পৃক্ততা | বর্তমান সমাজ |
রুদ্র ,রৌদ্র, রোদ্দুর….
আজিজুল হক
28/8/22
আমাকে মনে পরে , রুদ্র?
আমি,আমি বিপ্লব!!
মনে পরে সেই দিন গুলোর কথা?
মিছিলে মিছিলে গগণ ভেদি
চিৎকারে উত্তপ্ত রাজপথ,
তোমার কন্ঠে উচ্চারিত সাম্রাজ্যবাদ বিরোধী স্লোগান,
আমাকে তন্ময় করে দিত…
আমি অবাক হয়ে ভাবতাম ,কোথায় সাম্রাজ্যবাদ,
রাজা নেই , যুদ্ধ নেই, আরও কত কিছু নেই……
তুমি আমায় বোঝাতে বাজার অর্থনীতি,বোঝাতে
সাংস্কৃতিক আগ্রাসন.. আরও কত ব্যাখ্যা তোমার..
তুমি ,তুমি রুদ্র !
আজ আর তোমায় দেখিনা মিছিলে ,দেখিনা রৌদ্র মুখর ঝঞ্জা বাতাসে..
তুমি মাধবীলতার স্বপ্ন দেখতে রুদ্র – এক অনাস্বাদিত স্বপ্নের..
তোমার মাধবীলতা,তোমার বিপ্লব আজও কি তোমায় খোঁজে আমার মত করে?
রাস্তায় এখনও ঘরহীন মানুষ ফুটপাতে ঘুমায়
তাদের ঝড় বৃষ্টি কোন কিছুই নেই,
প্রচণ্ড শীতে কেউ বা কারা হয়তো কখনও শীত কম্বল চাপিয়ে দিয়ে ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়,
সেখানেও খুঁজি তোমায় রুদ্র,
তোমার ছবি খুঁজে পাই না কোথাও…
তুমিও কি তোমার বিপ্লবের মত হারিয়ে গেলে!
আজও পথে রাত জাগে কাজের প্রত্যাশায় শিক্ষিত বেকারেরা,
আজও তাদের কন্ঠে উদ্দীপ্ত স্লোগান ,
তোমার কথা মনে করায়!
আজও দুর্নীতির দায়ে প্রশাসক কারাগারে রাত কাটায়,
আজও মানুষের টাকায় সোউল্লাসে ধর্মীয় জলসায়
মোচ্ছব হয়,
ভোটের বাজারে লুঠ হয় তোমার মাধবীলতার ইজ্জত,
তাঁর স্বপ্নগুলো বিক্রি হয় দুটাকায়..
জাগ রুদ্র জাগ, আর একবার
মিছিলে মিছিলে মানুষের কথা বল,
প্রেম গুলো উৎসারিত হোক হৃদয় থেকে ভোট বাক্সে…
কেন না ওতেই প্রেম জমে বেশ..
লড়াই টা তো সমাজতন্ত্রের…
আবার ফিরে আসো রুদ্র,
হয়তো তোমার অপেক্ষায়
আকাশ টা মুখ লুকিয়েছে লজ্জায়!
আজিজুল হক