বাংলা কবিতা, দেখা হবে তো? কবিতা, কবি মুহতাসিম তকী | কবিতা অঞ্চল
কবিতা দেখা হবে তো?
কবি মুহতাসিম তকী
সময় ৩ জুলাই,২০২১
লিখার স্থান ধানমন্ডি, ঢাকা
4.4/5 - (5 votes)

মরে গেলে ওপারে দেখা হয়?
তুমি সত্যি জানো তো?
ওই পাড়ে কি কি আছে?
আমার কিছু বকুল ফুলের গাছ হলেই চলবে,
আর ধরো কিছু অলকন্দা।
আচ্ছা ওপারে কি প্রেম করা বারণ?
আফটারঅল আমরা তো বিয়ের আগেই
মরে যাচ্ছি…
তাই না!
এই যে তুমি প্রতিদিন কথা বলতে আসো এপাড়ে!
তোমার কতো কষ্ট হয় না বলো!
আমি ছুঁতে পারি না!
আমি ওপাড়ে চলে আসলে,
ছোঁয়া যাবে তোমায়?
আমার মন খারাপ হলে,
তখন কপালে চুমু দিতে পারবে তো-
তাই না?
আমি বরং চলেই আসি।
কিভাবে আসা যায় বলো তো!
কিভাবে সুবিধে?
তুমি তো সেই দুই দিনের জ্বরেই চলে গেলে!
এতো অধৈর্য্য হলে হয় মানুষ!
আমি শহরে ফিরবো,
তোমার কপালে জল পট্টি দেবো।
তারপর চুমুর বাহানায়,
সবটুকু উত্তাপ তুলে নেবো ঠোঁটে-
এইটুকু সময় দেয়া গেল না আমায়!
আচ্ছা তুমি থাকো,
আমি আসছি, আমি আসছি।
তুমি শুধু বলো,
আমি ওপারে গেলে,
সত্যিই আমাদের দেখা হবে তো?

guest
0 Comments
Newest
Oldest Most Voted