| কবিতা | গাছেদের কাছে প্রতিশ্রুতি |
| কবি | কৌশিক মজুমদার শুভ |
তুমি জানো, কাঠুরের মতো তুমি গাছেদের তোয়াক্কা না করে-
তুমি চলে এসেছো নাগরিক বনে (মোটরকারেদের লাইসেন্সড অভয়ারণ্য)।
শ্মশানের শীতপায়েরা পেখমের সৎকারে উড়ে আসে ধূপের পারফিউম-
ছাই ছাই হাঁস, সফেদ সারসের সঙ্গম ও মৃত্যুর চিৎকার-
অন্ধের সেতার শব্দ ও গানে, আহত গাছেদের থেকে ঝরে যায় যতো ফল-
ডিসকোর্স বলে, অন্ধকারে তাদের মধ্যেও আছে ফ্যালাসির বীজ।
মেশিনের সঙ্গীতের ছন্দের ভিতর সেই মৃত আরণ্যক ঈড-
তারা স্বপ্নেও (মেশিনেরা) দ্যাখে সেইসব শালবন- গাছেদের টুকরো শরীর, ট্রাকে-লড়ীতে চেপে গতায়াত করে-
আরো দ্যাখে, বাগানের শেষ গাছের রোদাক্রান্ত শাখায় উঠে দ্যাখা যায়- কতদূরে চলে গ্যাছে বন তার ভীড় গাছ- প্রতিশ্রুতি নিয়ে।
