বাংলা কবিতা, কৈশোর প্রেম কবিতা, কবি মুহতাসিম তকী | কবিতা অঞ্চল
কবিতা কৈশোর প্রেম
কবি মুহতাসিম তকী
সময় ২৩ জুন,২০২০
লিখার স্থান ইসলামবাগ,রংপুর।
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

আমার ইচ্ছে হয়
আমি খুব করে কৈশোরে ফিরি।
একবার ছেলেবেলার মতো প্রেমে পড়ি।
দাঁড়িয়ে পড়ি প্রেমিকার পথে।
পথের ওই পাড়ে সে, এই পাড়ে আমি।
মাঝখানে এক রাস্তাসম ব্যবধান।
ব্যবধান কতো অহেতুক বাহনের।
এক পা এক পা করে রাস্তা বাড়ি-
চোখের পলক ফেলি না।
আমরা মুখে কথা বলি না।
মনে মনে পড়ে ফেলি একে অন্যের কবিতা।
আমার ইচ্ছে হয়,
একবার প্রেমিকার চোখে চোখ রাখি,
আমার কৈশোর চোখে।
আমার অপরিণত বুকে,
প্রেমিকার গন্ধ নেবার অনুভূতিতে
খুব করে স্নান করি আবার।
আমার ইচ্ছে হয় আমি আর একবার,
খুব ভয়ে ভয়ে প্রেম করি।
প্রেমিকাকে দেখবার জন্য
দীর্ঘরাত অপেক্ষা করে মরি।
কৈশোর কেটে গেলে প্রেমিকার পর প্রেমিকা শুয়ে পড়ে বিছানায়,
বুকে কাঁপন জাগে না।
কতো প্রেম আসে, প্রেম যায়-
ভালোবাসা জাগেনা।
আমার ইচ্ছে হয়,
আবার প্রেমিকার চোখে চোখ রাখি,
আমার কৈশোর চোখে।
আমার ইচ্ছে হয়,
প্রেম নয়, ভালোবাসায় স্নান করি আবার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted