| কবিতা | যতীন দাসের ফটো |
| কবি | বীরেন্দ্র চট্টোপাধ্যায় |
কুৎসিত বাঁকানো মুখে জীবনের অদ্ভুত উত্সব
অফুরন্ত আলোকের উদ্ভাসিত ঐশ্বর্যে, প্লাবনে ;
ধীরে ধীরে সেই মুখ হয়ে এলো আশ্চর্য সুন্দর
অবিশ্রাম তারা-ঝরা জীবনের বর্ষণে ও গানে ।
অনেক দেখেছি ছবি, দেখিনি উন্মত্ত দ্বিপ্রহর
পদ্মার কি মেঘনার নীলকণ্ঠ স্বর্ণায়ু জটায়,
সাপ-খেলানোর নেশা মৃত্যু দিয়ে কেনে বাজিকর
দেখিনি এমন ছবি মথুরায় কিম্বা অযোধ্যায়
কোনদিন! আজ দেখি রঙচটা তথাপি বিচিত্র,
অসুন্দর, তবু মুখ সূর্যের কি সমুদ্রের মিত্র ।
এই ছবি দেখে দেখে স্পষ্ট হ'লো কেন মরা হাড়ে
দধীচি এখনো বজ্র | সব গ্রহ আগুন তো নয়
একথা যেমন সত্য, তবু কেউ পুড়ে যেতে চায়
পৃথিবীকে আলো দিয়ে, কী আশ্চর্য, সে-ই সূর্য হয়!
