| কবিতা | তুমি আমার বৃষ্টিতে এসো |
| কবি | মুহতাসিম তকী |
| সময় | ১৩ সেপ্টেম্বর, ২০২০ |
| লিখার স্থান | ধানমন্ডি, ঢাকা |
আমি আকাশ দেখি,
কিংবা পাশের বাড়িতে নেড়ে দেয়া
তরুণীর ব্রেসিয়ার
আমার কেন শুধু তোমাকেই মনে পড়ে?
একটা উদ্দাম প্রেম আসতে গেলেই,
আমি চলে যাই প্রথম চুমুর বিকেলে।
আমি কতো নতুন রাস্তা চিনি,
চিনে নেই গলিপথ।
তবু আমার সময় যেন থমকে যায়,
একটা টিপটিপ বৃষ্টির শহরে।
একটা কাম- লালসাহীন প্রেম নাকি আমারো ছিলো!
কি অদ্ভুত!
আমি যতোবার-যতোদিন মিথ্যে করে
ভালোবাসি বলি,
আমার বুকে খুব করে রক্তক্ষরণ হয়।
তোমার শহুরে যে বৃষ্টিতে ভিজবে বলে,
এগিয়ে দেয়া ছাতা এড়িয়ে গিয়েছিল তুমুল ছেলেমানুষিতে-
আজকাল আমার বুকে অমন বৃষ্টিপাত লেগেই থাকে।
তুমি আর ভিজতে আসো না কেন?
