| কবিতা | প্রিয় ইসিবি চত্বর |
| কবি | তাহমীদ চৌধুরী |
| সময় | ১৭ ডিসেম্বর,২০২১ |
| উৎসর্গ | পৃথিবীর সবচেয়ে মিষ্টি ঠোঁট যে নারীর |
| লিখার স্থান | পূর্ব নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা |
প্রিয় ইসিবি চত্বর
ভালো আছো নিশ্চয়ই
ভালো আছো ক্যান্টনমেন্ট,গার্ড রুম,সিগন্যাল
আঙুল ধরে হাটছো মাগরীবের পথে
নীল থেকে ধূসর হচ্ছে আকাশের রং
সদ্য পরিচিত কোনো চুম্বনে
ঠোঁটে আঁকছো এপিটাফ
বাইট স্টেশনের গ্লাসে দেখছো যান্ত্রিকতা
চারপাশে বুদবুদ হয়ে উড়ছে আমার সংবিগ্নতা
হঠাৎ মৌনতায় মনে করছো
রিকশার প্যাডেলে ঘুরতে থাকা দিন
পুরাতন কাগজে ভাঙা অক্ষরের চিরকুট
আর ময়লা পাঞ্জাবীর প্রেমিক
অ্যাশট্রে বরাবর উপরে উড়ছে সেইসব দিন,
মাথাব্যথা সাথে শত ফারেনহাইট জ্বর
ভালো আছো জেনেই স্বস্তি
প্রিয় ইসিবি চত্বর।