বাংলা কবিতা, শিল্প কবিতা, কবি সুনীল গঙ্গোপাধ্যায় | কবিতা অঞ্চল
কবিতা শিল্প
কবি সুনীল গঙ্গোপাধ্যায়
কাব্যগ্রন্থ দেখা হলো ভালোবাসা বেদনায়
Review This Poem
শিল্প তো সার্বজনীন, তা কারুর একলার নয়
এ কথা ভাবলেই বড় ভয় লাগে, এই সত্য ঘোর শত্রু
ভয় লাগে, বড় ভয় লাগে।
 
নীরা নাম্মী মেয়েটি কি শুধু নারী? মন বিঁধে থাকে
নীরার সারল্য কিংবা লঘু খুশী,
আঙুলের হঠাৎ লাবণ্য কিংবা
ভোর ভোর মুখ
আমি দেখি, দেখে দেখে দৃষ্টিভ্রম হয়
এত চেনা, এত কাছে, তবু কেন এতটা সুদূর
নীরার সূপের গায়ে লেগে আছে যেন শিল্পচ্ছটা
ভয় হয়, চাপা দুঃখ হিম হয়ে আসে।
 
নীরা, তুমি বালিকার খেলা ছেড়ে শিল্পের জড়তে
যেতে চাও!
প্রতীক অরণ্যে তুমি মায়া বনদেবী?
তোমার হাসিতে যেন ইতালির এক শতাব্দীর মৃদু ছায়া
তোমার চোখের জলে ঝলকে ওঠে শিল্পের কিরণ
এ শিল্প মধুর কিন্তু ব্যক্তিগত নয়
শিল্প সহবাসে আমি তোমাকে স্বৈরিণী হতে
ছেড়ে দিব কোন্‌ প্রাণে বলো?
না, না, নীরা, ফিরে এসো, ফিরে এসো তুমি
তোমাকে আমার কিংবা আমাকে তোমার কোনো
নির্বাসন নেই
 
ফিরে এসো, এই বাহুঘেরে ফিরে এসো!
guest
0 Comments
Newest
Oldest Most Voted