কবিতা ইচ্ছে যাপন
কবি সুমন চৌধুরী বিকু
সময় ০৭ এপ্রিল, ২০২২।
লিখার স্থান চট্টগ্রাম, বাংলাদেশ
Review This Poem

অস্ত্বিত্বের শেকড় ফুঁড়ে প্রাণ খুঁজি
অথচ হয়নি শেখা অস্তিত্বের পাঠ
বেদনাশ্রুর ঝরে পড়া একেক ফোঁটা
হাওয়ায় নিঃশব্দে হয়েছে লোপাট।

আকাশে মেঘ দেখে চাই বৃষ্টি হোক
কখনো হয়নি চেনা মেঘের ধরণ
সুদূরে মিলায় মেঘ চোখের আড়াল
বুকের গহীনে জমে তীব্র ক্ষরণ।

পাতাদের গায়ে আঁকা আল্পনা দেখে
রেখায় রেখায় খুঁজি সচিত্র ভাষা
আজন্ম হয়নি চেনা এমন হরফ
চিত্রের ভাষা বুঝা সে তো দূরাশা।

পাখিদের শূণ্যে উড়ে যেতে দেখে
উড়াল দিতে মন চায় মেলে ডানা
ভুলে যাই সেই কবে খসেছে পালক
বাহুডোরে কাতরায় আহত ছানা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted