বাংলা কবিতা, মরতে রাজি কবিতা, কবি সন্ধি মুহিদ | কবিতা অঞ্চল
কবিতা মরতে রাজি
কবি সন্ধি মুহিদ
সময় ০৮.০৮.২০১৪
লিখার স্থান ফার্মগেট, ঢাকা
কবিতার বিষয় বিরহ

আমার মৃত্যু হোক,
আমার মৃতদেহের ওপরে তুমি থুতু ফেলো।
ফেলে যেয়ো পদপৃষ্ঠ, এই নিস্পন্দ বুকের ওপর!
তোমার পবিত্র স্পর্শ -
যেন এই অপবিত্র মাটি না ছোঁয়!

কতোটা ভালোবাসি তোমাকে তুমি জানো না।
তোমাকে দেখলে, প্রেমে আমার মরে যেতে ইচ্ছে করে,
বুকের বারান্দায় একাকী দোলনা দোল খায়।
অথচ তুমি নেই, তুমি নেই, কোত্থাও!

চারদিকে অন্ধকার ঢেউ খেলে-
অদূরে আলোর আভাষ;
তোমার ছায়ার কাছে নতজানু নক্ষত্র!
তুমি আমার কাছে নেই, পাশে নেই।

তোমার চোখের পাঁপড়িতে
আমার সমস্ত দুনিয়া হারিয়ে গেছে।
নস্যাৎ হয়েছে সকল মিছিল।
তোমার একমুখ হাসির জন্য
প্রয়োজনে হরতাল হবে সৌরজগতে।

তবু স্বর্ণলতা, সামান্য অনুগ্রহ করে,
ভালবাসা না হোক,
একটু করুণার হাসি অন্তত
আমার জন্যে রেখো।
তারপরেই আমার মৃত্যু হোক!

guest
0 Comments
Newest
Oldest Most Voted