বাংলা কবিতা, অসহায় কবিতা, কবি সন্ধি মুহিদ | কবিতা অঞ্চল
কবিতা অসহায়
কবি সন্ধি মুহিদ
সময় ৫ জুলাই, ২০১৪
লিখার স্থান ফার্মগেট, ঢাকা
কবিতার বিষয় বিরহ, রূপক

আমি লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী
তোমার ভ্যানিটিব্যাগে ইচ্ছে হয় লুকিয়ে থাকি।
এতোটা বোকা আমি, মুখ দেখাবো কী করে!
কী ভয়ঙ্কর মুহূর্তে হারিয়ে ফেললাম নিয়ন্ত্রণ!

কোথায় যাবো বলো তো, মনে হয়েছে কেউ নেই।
তাই বেখেয়ালে খুব লুটিয়ে পড়েছি কান্নায়
না বুঝেই, যে তোমার কোলে আমার জন্য
ঠাঁই আছে কী না! আমার কি কেউ আছে?

চৌকো চৌকো বরফ সম্পর্কের চারদিকে
একটু একটু গলে গলে জল হয়।
আমি জন্ম থেকেই তুমিবাদী প্রেমিক ছিলাম।
তুমিও কি তুমিবাদী প্রেমিকা হবে?

তুমি, তুমি, তুমি, তুমি এবং তোমরা
কখনোই আমার কথা ভাবোনি।
জলের বিন্দুতে আলো এসে ঠাঁই নেয়,
আমি ঠাঁইহীন দৃষ্টিতে তাকিয়ে থাকি।

সবাই বাইরে থেকে দেখেছে আমায় বরফের মতো শক্ত,
কিন্তু ভেতরে ভেতরে আমি জলের থেকেও অসংলগ্ন।
জলীয় বাষ্প যেন আমার মনের চেয়ে সুস্থির ও শান্ত!

guest
0 Comments
Newest
Oldest Most Voted