কবিতা ভেবো না, শব্দ করতে জানি না
কবি শাশ্বতী মাথিন
সময় সকাল ৯ : ৩০
উৎসর্গ বাবা ও মা
লিখার স্থান নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা
সম্পৃক্ততা বিনয়ীদের যারা দুর্বল ভাবে
কবিতার বিষয় প্রতিবাদ

শব্দ করি না বলে ভেবো না,
শব্দ করতে জানি না।
চিৎকার দিই না দেখে ভেবো না,
চিৎকার দিতে শিখিনি।
মৌন থাকি বলে ভেবো না,
নীরবতা ভাঙার কৌশল জানা নেই।

যেদিন শব্দ বেরোবে,
সেদিন বুলেটের আঘাতের মতো
ঝাঁঝরা, ক্ষত-বিক্ষত হয়ে যাবে তোমার বুক।
যেদিন চিৎকার দেবো,
সেদিন বিস্ফোরিত আগ্নেয়গিরির লাভার মতো
লাল-কমলার রক্তাভ রং দেখবে তুমি।
যেদিন মৌনতা ভাঙবো,
সেদিন শান্ত মাথায়
ত্রিশূলও হাতে নেবো।

মায়ের জঠর থেকে প্রথম যেদিন বের হয়েছিলাম,
সেদিনই তো চিৎকার করে, শব্দ দিয়ে
পৃথিবীকে জানান দিয়েছিলাম
নিজের অস্তিত্ব।
তবে কেন আজ নয়?

তাই ভুলেও ভেবো না,
শব্দ করতে জানি না।
চিৎকার দিতে শিখিনি।
মৌনতার ব্যবচ্ছেদ করতে ভুলে গেছি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments