বাংলা কবিতা, গোলাপের ইতিকথা কবিতা, কবি রাকিবুল হায়দার | কবিতা অঞ্চল
কবিতা গোলাপের ইতিকথা
কবি রাকিবুল হায়দার
সময় ১ জানুয়ারি, ২০২১
লিখার স্থান রামপুরা, ঢাকা
4.7/5 - (3 votes)
গোলাপ যখন মুমূর্ষ হলো, আমি তার শিয়রে দাঁড়ালাম,
সূর্য্যটাকে জানলা বরাবর টেনে এনে-
তার শেষ ইচ্ছের কথা জানতে চাইলাম!
গোলাপ সেদিন কোনো কথা বলেনি,
কেবল আমার দিকে তাকিয়ে মুচকি হেসেছে!
অথচ আমার হৃদয়ে আমি কান্না জমাচ্ছিলাম-
গোলাপের আসন্ন শোকসভার জন্য।
তারপর একদিন গোলাপ মরে গেলো,
শুকিয়ে গেলো যেভাবে ঘামে ভেজা কাগজ শুকিয়ে যায়,
পাপড়িগুলো একে একে খসে পড়লো, কয়েকটা-
উড়ে চলে গেলো বাতাসের সাথে,
বাকিগুলো বইয়ের ফাঁকে জমা পড়লো।
থেকে গেলো গোলাপের বীজ, সেটা অপ্রয়োজনীয় বলে-
আমি অথবা সে নিজেই নিজেকে ছুঁড়ে ফেললো মাটির গহীনে,
তারপর একদিন দেখা গেলো সবুজের আভাস,
মাটিফুঁড়ে বেরিয়ে এলো গোলাপের ঘ্রাণ,
সবুজ পাতার ফাঁকে উঁকি দিলো নতুন গোলাপ,
আর আমাকে ডেকে বললো-
গোলাপের কোনো মৃত্যু হয় না, যেমন হয় না প্রেমিকের,
তাই শত অবহেলায়ও তারা ঠিক ফিরে আসে-
নতুন এক আশাবাদের মিছিল নিয়ে,
যেখানে প্রেমিক দাঁড়িয়ে থাকে গোলাপ হাতে,
আর গোলাপ অপেক্ষা করে আবার এক গোলাপজন্মের!
guest
0 Comments
Newest
Oldest Most Voted