কবিতা নিত্য তোমার পায়ের কাছে
কবি রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ বলাকা
সময় ২৭ মাঘ, ১৩২১
লিখার স্থান পদ্মা
Review This Poem
নিত্য তোমার পায়ের কাছে
          তোমার বিশ্ব তোমার আছে
              কোনোখানে অভাব কিছু নাই।
          পূর্ণ তুমি, তাই
     তোমার ধনে মানে তোমার আনন্দ না ঠেকে।
              তাই তো একে একে
     যা-কিছু ধন তোমার আছে আমার ক’রে লবে।
          এমনি করেই হবে
              এ ঐশ্বর্যে তব
     তোমার আপন কাছে, প্রভু, নিত্য নব নব।
     এমনি করেই দিনে দিনে
          আমার চোখে লও যে কিনে
              তোমার সূর্যোদয়।
          এমনি করেই দিনে দিনে
     আপন প্রেমের পরশমণি, আপনি যে লও চিনে
          আমার পরান করি হিরন্ময়।
guest
0 Comments
Newest
Oldest Most Voted