| কবিতা | তুমি কেমন করে গান কর যে গুণী |
| কবি | রবীন্দ্রনাথ ঠাকুর |
| কাব্যগ্রন্থ | গীতাঞ্জলি |
| সময় | ১০ ভাদ্র ১৩১৬ |
| লিখার স্থান | রাত্রি |
তুমি কেমন করে গান কর যে গুণী ,
অবাক হয়ে শুনি , কেবল শুনি ।
সুরের আলো ভুবন ফেলে ছেয়ে ,
সুরের হাওয়া চলে গগন বেয়ে ,
পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে ,
বহিয়া যায় সুরের সুরধুনী ।
মনে করি অমনি সুরে গাই ,
কণ্ঠে আমার সুর খুঁজে না পাই ।
কইতে কী চাই , কইতে কথা বাধে ;
হার মেনে যে পরান আমার কাঁদে ;
আমায় তুমি ফেলেছ কোন্ ফাঁদে
চৌদিকে মোর সুরের জাল বুনি!