কবিতা আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল
কবি রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ গীতাঞ্জলি
সময় আষাঢ়, ১৩১৬
লিখার স্থান শিলাইদহ
2/5 - (1 vote)

আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল,
গেল রে দিন বয়ে।
বাঁধনহারা বৃষ্টিধারা
ঝরছে রয়ে রয়ে।
একলা বসে ঘরের কোণে
কী ভাবি যে আপন-মনে,
সজল হাওয়া যূথীর বনে
কী কথা যায় কয়ে।
বাঁধনহারা বৃষ্টিধারা
ঝরছে রয়ে রয়ে।

হৃদয়ে আজ ঢেউ দিয়েছে,
খুঁজে না পাই কূল;
সৌরভে প্রাণ কাঁদিয়ে তুলে
ভিজে বনের ফুল।
আঁধার রাতে প্রহরগুলি
কোন্‌ সুরে আজ ভরিয়ে তুলি,
কোন্‌ ভুলে আজ সকল ভুলি
আছি আকুল হয়ে।
বাঁধনহারা বৃষ্টিধারা
ঝরছে রয়ে রয়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted