| কবিতা | আনন্দেরই সাগর থেকে |
| কবি | রবীন্দ্রনাথ ঠাকুর |
| কাব্যগ্রন্থ | গীতাঞ্জলি |
আনন্দেরই সাগর থেকে
এসেছে আজ বান ।
দাঁড় ধরে আজ বোস্ রে সবাই
টান রে সবাই টান্ ।
বোঝা যতই বোঝাই করি
করব রে পার দুখের তরী,
ঢেউয়ের ‘পরে ধরব পাড়ি
যায় যদি যাক প্রাণ ।
আনন্দেরই সাগর থেকে
এসেছে আজ বান ।
কে ডাকে রে পিছন হতে,
কে করে রে মানা,
ভয়ের কথা কে বলে আজ —
ভয় আছে সব জানা ।
কোন্ শাপে কোন্ গ্রহের দোষে
সুখের ডাঙায় থাকব বসে;
পালের রশি ধরবো কষি,
চলব গেয়ে গান ।
আনন্দেরই সাগর থেকে
এসেছে আজ বান ।