কবিতা অমল ধবল পালে লেগেছে
কবি রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ গীতাঞ্জলি
সময় ৩ ভাদ্র, ১৩১৫
লিখার স্থান শান্তিনিকেতন

লেগেছে অমল ধবল পালে
              মন্দ মধুর হাওয়া।
দেখি নাই কভু দেখি নাই
              এমন তরণী বাওয়া।
                     কোন্‌ সাগরের পার হতে আনে
                           কোন্‌ সুদূরের ধন!
                           ভেসে যেতে চায় মন,
                     ফেলে যেতে চায় এই কিনারায়
                           সব চাওয়া সব পাওয়া।
 
পিছনে ঝরিছে ঝর ঝর জল,
              গুরু গুরু দেয়া ডাকে--
মুখে এসে পড়ে অরুণকিরণ
              ছিন্ন মেঘের ফাঁকে।
ওগো কাণ্ডারী, কে গো তুমি, কার
                           হাসিকান্নার ধন।
                           ভেবে মরে মোর মন--
কোন্‌ সুরে আজ বাঁধিবে যন্ত্র,
                           কী মন্ত্র হবে গাওয়া।

guest
0 Comments
Newest
Oldest Most Voted