| কবিতা | প্রহর গুনি |
| কবি | প্রতাপ মণ্ডল |
| সময় | 23 November, 2023 |
| লিখার স্থান | ব্যারাকপুর, |
| সম্পৃক্ততা | জীবনমুখী |
| কবিতার বিষয় | আশা |
হেঁটে হেঁটে যাই, হাঁটে কিশোর, যুবক
এরপর ক্লান্তি, সাঁঝবেলা নামে,
জানিনা রাত্রিটা হবে কত ভয়ানক…!
রাতটা ফুরোবে না এক ঘুমে।
কত ভাবনায় মন অস্থির, তোলপাড়
বইতে শুরু করেছে শীতের বাতাস,
খসখসে চামড়া ভেদ করে ছোঁয় জার
মাঝে মাঝে হাঁ করে নিই শ্বাস।
সময় অভাবী, কার কাছে করি দাবি!
একটু বসে যাও আমার পাশে,
কেউ নেই দূরে কাছে, একলা আমি
একটা পোড়া গন্ধ নাকে আসে।
ভীড় নেই আর, নেই কোনো কোলাহল
কান পেতে শুনি কারো পদধ্বনি,
বড় পিপাসা, কেউ দাওনা একটু জল
আমি একলাই তার প্রহর গুনি।