কবিতা ছুঁয়ে ছুঁয়ে যাবো
কবি প্রতাপ মণ্ডল
সময় ২০২৫
উৎসর্গ মা'কে
লিখার স্থান ব্যারাকপুর
সম্পৃক্ততা প্রেম ও প্রকৃতি
Review This Poem

।ছুঁয়ে ছুঁয়ে যাবো।

চলো আজ থেকে শুরু করি আমরা অন্য এক গল্প
পাড় ভাঙা কোনো নদী নয়, নয় কোনো ভাঙন
ছুঁয়ে ছুঁয়ে যাবো, অতীতের সেই সব শুভক্ষণ
সামনে তাকিয়ে দেখো, হাতে যে সময় বড়ো অল্প।

বিষাদ ছোঁওয়া দিন নয়, নয় কোনো ঝগড়ার রাত
প্রথম দেখার ক্ষণ, কে আগে দিয়েছিলো মন!
এইতো সেদিনের কথা, কেটে গেলো দু’ই জীবন
কে প্রথম ছুঁয়েছিলো! কে প্রথম রেখেছিলো হাতে হাত।

তারপর, কত খুনসুটি আদর! রাত জেগে হতো ভোর
পাশাপাশি বসে, প্রথম সে আমাদের চাঁদ দেখা
অবসরে, তোমায় নিয়ে অসংখ্য কবিতা লেখা
আবার কখনো, কাটিয়েছি আমরা কত একলা প্রহর!

শৈশব ছুঁয়ে আসি চলো! ছুঁয়ে ছুঁয়ে দেখি গাছ..পাখি
চলো না ওই দিগন্তরেখায়, আকাশের কাছে,
কিছু কথা শুনি! কিছু কথা বলারও আছে…
জীবন থমকে যাবে কেন! কেন আর চুপ করে থাকি!

দেখো কত বুনোফুল ফুটে আছে! কি অপূর্ব শোভা!
হলুদ ক’টা ফুল, পরিয়ে দিই তোমার চুলে!
ক’টা বেগুনী ফুল, ভরে নাও দেখি আঁচলে
ভালোলাগার কত উপাদান, আর আমরা কেমন বোবা!

যাবে আজ নদীর পাড়ে? সূর্যাস্তের সব রঙ মেখে নেবো
আজ তোমার কপালে, একটা লাল টিপ পরিয়ে দেবো।

©প্র তা প ম ণ্ড ল

guest
0 Comments
Newest
Oldest Most Voted