কবিতা রাত পোহালেই সূর্য হাসে
কবি পংকজ পাল
সময় ৮ জুন ২০২৪ ; ভোর ৫ঃ৩০
লিখার স্থান কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ।
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

রাত পোহালেই সূর্য হাসে
আঁধার নিকেশ হয়,
অস্ত গেলেই আলো পালায়
লাগে ভীষণ ভয়।

পাখি জাগে ডাকে শাখে
নানান রকম গান,
কিচিরমিচির সুরে কথায়
জুড়ায় সবার প্রাণ।

কৃষক হাঁটে লাঙ্গল কাঁধে
যাবে শস্যের মাঠ,
কিছু নারী কলসি কাঁখে
চলছে নদীর ঘাট।

দুপুর হলেই রৌদ্র প্রখর
বৃষ্টি সবাই চায়,
মেঘের দিকে চেয়ে বলে
আয়রে ছুটে আয়।

বজ্রসহ বৃষ্টি এলে
লাগে মনে ভয়,
বাড়ি চলো এখন সবাই
ডেকে ডেকে কয়।

রাতের পরে দিনের আলো
দিনের পরে রাত,
আমরা সবাই মিলেমিশে
থাকবো একই সাথ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted