কবিতা আক্ষেপ
কবি নিলুফার গনি
সময় নভেম্বর , ২০২৩
লিখার স্থান বনানী, ঢাকা
কবিতার বিষয় প্রতিবাদ, সমসাময়িক, স্বাধীনতা

আক্ষেপ

এক সমূদ্র রক্ত ঝরিয়ে
পূর্ব দীগন্তে হেলেছিল
স্বাধীনতার দ্বিতীয় আকাশ
অনেক কর্দমার ময়লা সরিয়ে
স্বচ্ছ হয়েছিল বাংলার বাতাস
অনেক পেরেকের গর্তে
ওরা ব্যথায় হয়েছে জর্জরিত
নতুন সূর্য আনতে সীমান্তে
হয়নি তবুও একটুও কুণ্ঠিত
সর্বাঙ্গে ব্যথা, ওদের পাপড়িতে
এখনও লেগে আছে বারুদ
তবু কী অপরিসীম আশা নিয়ে
হাত, পা হারা আলোহীন নয়নে
ওরা স্বপ্ন দেখে যায় ওযুত নিযুত
নতুন ভোরের আশার রঙ্গনে
বর্ণালী সাজে ওরা সাজিয়েছিল মঞ্জরী
সবুজ শালিকের গানে গানে
প্রাণে প্রাণ উঠবে গুঞ্জরি
নতুন শিশুকে করতে মানুষ
লাগবে সবার মুক্ত মনন
দিন শেষ আজ উড়ানোর ফানুষ
নতুন করে সব হবে গঠন
দূর হোক সব আগাছা জাংলা
এ বাতাস থাকুক নির্মল
নতুন করে জাগবে বাংলা
নিভবে বিষবাষ্পের অনল।
লাল, নীল, সবুজ, হলুদ
হয়ে যাবে সব এক রং
থাকবেনা কোন অনৈক্য বিভেদ
জিঘাংসা, হিংসা কিংবা অহং
আজ স্বপ্নের ডালার পুষ্পমালা
ছিড়ে যাচ্ছে সব খান খান
যুদ্ধাহত সৈনিকের বুকে
বাজে বিষাদের কলতান
কোথায় মানুষের মানবিকতা
কোথায় হারালো বিবেক
কোনায় কোনায় অরাজকতা
ভুলেছে শপথের অভিষেক
জননীর নেত্রে আজো শ্রাবনের ঢল
বৃথা বুুঝি হল খোকার রক্তকণা
সোনার বাংলার সবুজ পললে
কবে পাবে প্রজা সুবিচারের সুফল

guest
0 Comments
Newest
Oldest Most Voted