| কবিতা | অস্তরাগের মেঘ |
| কবি | মেহেদী হাসান অপু |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ |
আজকাল পাখি হতে ইচ্ছে করে বেশ
মুক্ত ডানায় উড়ে হারিয়ে যাবো দূর থেকে দূরান্তে
যে স্থানে দিগন্তের শেষ।
ছোট্ট ডানায় ভর করে চলে যাবো বহুক্রোশ দূরে,
অযুত-নিযুত আলোকবর্ষ পার হয়ে,
রাতের আকাশের লক্ষ্য কোটি তারাদের ভিড়ে।
কিংবা হারিয়ে যাবো সুদূরের কোনো এক অচিন দেশে,
পশ্চিমাকাশের রাঙা গোধূলির সাথে মিশে,
তোমার প্রত্যাখানের বিবর্ণ ক্লেশে।
হুট করেই একদিন নিরুদ্দেশ হবো,
তোমার প্রত্যাখানের সমুদ্দুর পাড়ি দেবো,
তোমার দৃষ্টি থেকে লক্ষ যোজন অন্তরালে রবো।
খোঁজে পাবে না আমায় এ জগৎ-সংসারে,
নিরুদ্দেশ হবো আমি নীল দরিয়ার অকূল পাথারে—
হারিয়ে যাবো নিঃশব্দে কোনো অদেখা আঁধারে,
অস্তরাগের মেঘ হয়ে রব চিরকাল ওপাড়ে।