| কবিতা | শৈশব |
| কবি | কৌশিক মজুমদার শুভ |
বিকালের ম্লান বোঁটা খসে আমাদের হলদেটে শৈশব-
ঝরে গ্যাছে-
বরফরাত্রির রোম ঘেঁষে শীতমেহগনি পাতাদের ভাগাড়- স্তবক স্তবকে,
কলমীর ভাঙা ডাঁটে বিষাদ কষ হয়ে জেগে আছে-
আজ রাত্রির ঘাস-বৃষ্টি, নরোম নরোম বিরুৎ এর ভিতর ম্লান স্মৃতিরা ডানা ঝাপটায়, যেন আহত সারস-
শিকারির চাতুর চলাচল, শুনে সে ধীর-ধীরে নিরব হয়ে থাকে, ধানের যুবক ছড়াটির পাশে-
হাওয়ায় শ্বাপদ কান টান করে, ছানার মতো নিরব কাদায় পদক্ষেপ-পদক্ষেপে শিকারি সারসীরে খুঁজে পায়-
আমাদের শৈশব প্রেমিক সারস হয়ে; দূর থেকে দেখে মরে যায়।