| কবিতা | বিষাদ আমার প্রেমিকারা |
| কবি | কৌশিক মজুমদার শুভ |
মেহগনির নিবিড় বেগুনি অন্ধকারে পাতারা আশ্চর্য মুদ্রায় নেচে নেচে অশ্লীল ব্যাথা ছড়াতেছে-
তাদের আশাহত জলসার ভিতর-
আমি ক্রমাগত যেতেছি তলায়ে,
অগণন বেদনারা সংক্রমণ করেছে নভোঃকাশ-
মেহগনি, মান্দার, সজনে, শিরিষ ক্যামন বেদনা খেয়ে খেয়ে ঝরাতেছে-
এক আশ্চর্য প্রাণী; সেইসব বেদনা হেমন্তের অরণ্যে কিশোর হয়ে কুড়াতেছি,
অথবা যেন সৈকতে অগুনতি কুড়ায়েছে ঢেউয়ের নৃত্যে ছুটে আসা ঝিনুক মুঠোয় ত্রয়োদশী কিশোরী;
নীল হাওয়ার আকাশে যেইখানে বেদনারা এইভাবে রাত্রিভর খাবি খায়, তাদের মুঠো ভরে ভরে গিলে ফেলেতেছি ক্রমশ-
আড়ষ্ট চাঁদ ভেসে ভেসে বৈঠায় কেবল ক্লেদ-মাংস-অশ্রু ও ঝংকার,
হৃদয় কালো বেলুনের মতো রৌদ্র শুষে শুষে যেন জোৎস্নায় সাদা সাদা বক অথবা শকুনী হয়ে উড়িতেছে-
অথবা কোন দশকে অথবা বছর কতেক- প্রেমিকা সে; বিগত মত্ত হয়ে কবরের ঘাস/ বাতাসের শরীর হয়ে বিলীন হয়ে গ্যাছে-
শিশিরের শরীরে তার অনুতাপ জল হয়ে ঝরিতেছে দুর্বার ভিতর, কুয়াশায় জমিতেছে অভিমান-
এই মেঠো রাত্রির সরোবরে- ঢেউ ঢেউ বাতাস হয়ে তাহাদের বুক এসে মেলে,
রাত্রির ওপার চিৎকারে- চোখের মতো নিরবে নেমে পাতা মেলে দিয়ে নারিকেল বনে নাচিতেছে বাতাস-
আরো এই জলার ভিতরে দেখি বিষাদের আয়োজনে মেতে আছে আরো দুটি হাঁস।