| কবিতা | আত্মহত্যা বিষয়ে |
| কবি | কৌশিক মজুমদার শুভ |
| উৎসর্গ | জীবনানন্দ দাশ |
আত্মহত্যা বিষয়ে
১.সুইসাইডের দিন
আত্মহত্যার জন্য একটি সুন্দর দিন বেছে নিতে হয়-
(রোদ্দুর ঝলমলে/
ঝোড়ো বর্ষা; এমন নয়);
হাসপাতালগুলো ভীড়হীন-
ডাক্তাররা বিশ্রামে-
যানজটে দমবন্ধ এম্বুলেন্সগুলো,
প্রেমিকারা শহর ছেড়ে দীর্ঘভ্রমণে-
মায়ের হাতে কাজ নেই-
এমন দিন;
স্কুলে আষাঢ়ের অবকাশ,
শিশুরা পেয়েছে নূতন সোয়েটার,
রাস্তায় কাছিম নিরব,
নদীতে বৃষ্টি নরোম-
টিভিতে বিরহের গান;
বসে আছি একটি সুন্দর দিনের অপেক্ষায়।
২.রিপিট টেলিকাস্ট
আত্মহত্যার পরে-
বাইরে আস্ত দুপুর চুপচাপ ভিজতে থাকে,
একটা মলিন ছাপ বারান্দায় ঝরে যেতে চায়-
পুরনো বিড়াল সিলিং এ চেয়ে থাকে-
আত্মহত্যার পরে,
আরেকটা বাতাস জানালা দিয়ে
মায়ের শীতল চাঁদর উড়িয়ে যায়,
তখন
কলিংবেল ঠান্ডা আওয়াজে জমে যায়-
আত্মহত্যার পরে,
আমার শরীর অন্ধকার হয়ে গেলো,
একটা নিরব কাগজ ঘরময় পায়চারি করলো-
আবারো রাত বিষন্নতা ভেবে ভুল করলো- আরেকটা দিন বললো, ‘তুমি নেই’।