কবিতা উঠে যাই পথ ধরে
কবি যাদব চৌধুরী
সময় ২০২১
লিখার স্থান রায়গঞ্জ
কবিতার বিষয় প্রকৃতি

পথ ধরে তার উঠে যাই শুধু উঠে যাই পথ ধরে
অনেক অনেক পথের প্রান্তে আকাশ সীমার পরে l
যতই ওপরে শীতল ধরণী নির্মল জলবায়ু
দাঁড়িয়ে রয়েছে পর্বতশ্রেণী যুগ যুগ পরমায়ু l

সাদা বরফের চাদর জড়িয়ে ঢালে ঢালে রূপ খোলে
খাদে খাদে তার গহন গভীর শহর গঞ্জ দোলে l
শীতল জলের ধারা বয়ে যায় খর স্রোতে তরতর
শিলাগুলি সব ভেঙে পড়ে খালি ঝরঝর ঝরঝর l

নদী উপনদী শাখা এসে মেশে সমতলে যায় নেমে
যুগ যুগ ধরে অনন্তকাল যায় না কখনো থেমে l
উপরে অনেক, অনেক উপরে পাহাড়ের নিজ দেশে
ছুটে ছুটে আসে ভ্রমণ পিপাসু বারে বারে ভালোবেসে l

আকাশ মেঘের সঙ্গ যাপনে নির্মল খোলা হাওয়া
দূষণ পেরিয়ে মুক্ত প্রকৃতি একেবারে হাতে পাওয়া,
শৈল শহর দেশে দেশে কতো স্বর্গ মাটির দেশে
সব ভুলে যায় ক্লান্ত মানব পাহাড়ের দেশে এসে l

সারি সারি তারা পর পর খাড়া মাটি থেকে মেঘ ছুঁয়ে
মনোরম ছবি যেদিকেই দেখি আকাশ মাটিতে নুয়ে l
জীবন যাপন যত কোলাহল এইখানে এসে সব
এইখানে এসে শান্তিপরশ অবসান কলরব l

guest
0 Comments
Newest
Oldest Most Voted