কবিতা মায়ার সাগরে ব্যথারা সাঁতরায়
কবি ইনান ইলহাম
কাব্যগ্রন্থ রক্তক্ষরণে কখনো শব্দ হয় না
সময় ২৮ সেপ্টেম্বর, ২০২০
উৎসর্গ পৃথিবীর সকল সুহার্তোদের
লিখার স্থান হালিশহর, চট্টগ্রাম
5/5 - (1 vote)

সুহার্তোর শুকনো শব্দ বেরিয়ে যায়,
মিশে যায় ভগ্ন কুয়াশায়
রক্ত ঝড়ে পড়ে মেঘহীন নিঃস্ব গ্রীষ্মের শহরে
বর্ষা এলে বিস্ফারিত হয় সুহার্তোর আরেকটি পৃথিবী।

বারবার ভালোবাসতে চায়;
সুহার্তো পাহাড়ের কাছে হারিয়ে যেতে চায়
শুধু একটি জন্ম এঁকেই বাঁচা যেত!
সুহার্তো ভাবে…
তখনই বিবর্ণ সময় খুন করে ফেলে একটি রক্তাক্ত শরীর।

সুহার্তো আত্মহত্যার কথা বলে,
একটি মরে মরে যাওয়া শৈশবের কথা বলে
এই চূড়ান্ত যৌবনে রাস্তা হারিয়ে ফেলা মৃত্যুহীন নিঃসঙ্গতার কথা বলে

এখন সুহার্তো আর হাঁটতে পারে না,
স্বাভাবিকতার পৃথিবীতে একটি নিঃসঙ্গ নির্বাসনের মস্তিষ্ক নিয়ে সুহার্তো পা পিছলে পড়ে যায়
সুহার্তো কথা বলতে থাকে,
বলতেই থাকে
অভিমান নিঙড়ে উত্তপ্ত শরীরের লাভা বেরিয়ে যায়।
তারপর হঠাৎ সুহার্তো আবার পাহাড়ের কথা বলে,
বন্ধুত্বের কথা বলে…
সুহার্তো আসলে ভালোবাসতে চায়।
এত এত কথার মাঝে,
আমি যন্ত্রণার্ত কঙ্কাল ছাড়া কিছুই দেখতে পাই না,
কঙ্কালের চোখ ঠিকরে অন্ধকার বেরিয়ে আসে!

কথার ঝড় বয়ে যায়,
সুহার্তোর ছটফট করতে থাকা দৃশ্য…
একটি শোকার্ত গল্প এঁকে বেড়ায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted