| কবিতা | কথা শান্ত হয়ে এলে |
| কবি | হিয়া রাজা |
| সময় | 4 Jan2024 |
| লিখার স্থান | Dubai |
| কবিতার বিষয় | অন্যান্য |
কথা শান্ত হয়ে এলে, শব্দরা কবিতার মত খেলা করে, স্বচ্ছ পাথরের আড়ালে
কারুর না দেখা স্রোতে, একাকিনী, - অভিমানী, লুকোনো আঘাত
হারানো বেলার মতো - বন্ধ জানালার কাঁচে - উবে যাওয়া নিঃশ্বাসের ছলে
কন্যাকুমারীরর অন্তরীপ, বিষণ্ণ বদ্বীপ, কিশোরী প্রথম রক্তপাত !
এই মন চেয়েছিলে বুঝি - এরকম না দেখা ছোট ছোট হীরের স্পন্দন
অলংকার দেখেনি যে জন, নরম মোমের মতো তনু কাঠ
গলে, কখন ফসিল হবে, বাৎসরিক বৃত্তে লেখা হবে - শুকানো জলের পাঠ
তাই বসে, অদ্ভুত সময়ে - রয়ে সয়ে - ন্যাপথলিনের গন্ধ মাখি -
মন, বৈরাগী হাওয়ায় লেখে নাম, বাতি জ্বলে ওঠে - সন্ধ্যা- একে একে , মগ্ন সন্ধ্যারতি !!
অনেক যন্ত্রনা পুড়ে - সুখের কাঁটার ঘন জ্বালে - জমে খালি দুই ফোঁটা স্মৃতি,
বোধহয় কবিতা হয়, বোধহয় - সে কথা সে বলেনি কখনো -
যুথবদ্ধ ভাঙা পয়ারের দল, মৌন, মাগরিবের সময় তো হয়নি তখনও !
কোনো আমি, বিবাগী হিয়া, নষ্ট বৈরাগী, অনিমেষ নির্নিমেষ, দেখি !