কবিতা এটি কবিতা নয়
কবি হিয়া রাজা
সময় নভেম্বর ২০২৩
লিখার স্থান দুবাই
কবিতার বিষয় প্রতিবাদ
4.7/5 - (3 votes)

একটা জরুরী ঘোষণা – খুশীর খবরও বটে !
এই খবরটির জন্যে – অনেক অনেক মানুষ দীর্ঘ্যদিন অপেক্ষায় ছিল !
অবশেষে কাল গভীর রাতেই ঘোষণাটিতে আইনসভার সীলমোহর পড়েছে ।
নায়ক জনতাকে এবং তার আইনসভাকে সীমাহীন অভিনন্দনে অভিনন্দিত করেছেন !
সুতরাং আজ সকাল থেকেই অধিকারিকবৃন্দ আইনটিকে বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছেন !

আইনটি জলের মতোই সোজা, সরল, মহৎ, পাহাড়ের মত কঠিন এবং আকাশের মতো উদার –
আইনটির বলে আজ সকাল থেকেই দেশে সমস্ত ধরণের কবিতা লেখা নিষিদ্ধ হলো !
যে কোনো ধরণের কবিতা লেখা এনং পাঠ করা আজ থেকে অমার্জনীয় অপরাধ বলে গণ্য হবে,
যে কেউ বা করা এ আইন অমান্য করলে – নির্বাসন বা ফাঁসি দিতে বিন্দুমাত্র দেরি করা হবেনা !

সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখে সমস্ত কবিতার খাতাগুলিকে আটক করে
শহীদ মিনারের নীচে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে – আজকের মধ্যেই !
সমস্ত কবিতার সভাগুলিকে – জলে, স্থলে, আকাশে কিংবা অন্তরীক্ষে যেখানেই হোক
– নিষিদ্ধ করা হলো !

সমস্ত কবিদের এবং তাদের গুণগ্রাহী পাঠককূলকে জরুরী ভিত্তিতে আটক করে
সাইবেরিয়ায় সশ্রম কারাদণ্ডে পাঠানো হয়েছে !
সমস্ত কাব্যগন্থগুলিকে নিষিদ্ধ পুস্তকরূপে বিবেচনার পর
সেগুলিকে কালো গভীর খনিগহ্বরে পাঠানোর ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে !

আর একটি ছোট খবর – সেটি খুব একটা জরুরী নয় – প্রয়োজনীয় তো নয়ই –
ঈশ্বর নামের একজন অতি বৃদ্ধ কবিকে প্রধান ষড়যন্তকারী চিহ্নিত করে,
সমস্ত কেজো মানুষকে অকেজো,ভাবুক, স্বপ্নবাজ এবং সৃষ্টিশীল করার অপরাধে –
অনিশ্চিতকালীন নির্বাসনে পাঠানো হয়েছে গভীর রাতেই !

guest
0 Comments
Newest
Oldest Most Voted