কবিতা আমি চাই !
কবি হিয়া রাজা
সময় উনিশ নভেম্বর ২০২৩
লিখার স্থান দুবাই
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

পৃথিবীর সব কুকুর হইতে সাবধান বোর্ড খুলে নাও,
বড় বড় অক্ষরে লিখে দাও – মানুষ হইতে সাবধান !
পৃথিবী অভয়ারণ্য হোক, পৃথিবীর সমস্ত চিড়িয়াখানার দরজা আর জাল খুলে নিয়ে
শহর গ্রাম আর মহল্লাগুলোর গায়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে দাও –
যেন একটি মানুষও সেই জাল থেকে বের হতে না পারে !

মানুষের জন্মসিদ্ধ অধিকার যারা কেড়ে বিক্রি করে –
সেই আকাশ বাতাস আর আলো চোরেদের গুপ্ত অন্ধ কারাগারে
এক হাজার বছরের অবিশ্রাম সাজার হুকুম হোক !

আর এই মুহূর্ত থেকে পৃথিবীর সমস্ত শিশু, পাখি আর ফুলেদের অন্যায্য ছুঁলে
পাপীদের অনিবার্য্য ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দেবার আদেশ জারি হোক !

guest
0 Comments
Newest
Oldest Most Voted