কবিতা হেঁয়ালিতে কেন লিখেছিলে?
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দুঃখ ভোলানো বিজ্ঞপ্তি / নন্দিতা প্রকাশ
সময় জুলাই ২০১৪
উৎসর্গ নন্দিনীকে
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় বিরহ

হেঁয়ালিতে কেন লিখেছিলে?

হেঁয়ালিতে কে লিখেছিলে?
মন কেমন এই পংক্তিমালা?
অক্ষরগুলো সঙ্গ নিলো,
অপার অসীম অন্তর্জ্বালা

কতোদিন ওড়েনি পাখিটা,
মেঘের পারে সুখ সারিও,
কাব্যই লেখোনি, না কি তা
না সেমিকোলন, না দাঁড়িও?

শব্দে পয়ারে ছন্দে সাজানো,
এ তো নয় সোনার নিক্কন,
কতোদিন পর পংক্তিরা যেনো,
রঙতুলিতে খোঁজে আলিম্পন

কাল সারারাত ওদের নিয়েই,
এপাশ ওপাশ স্মৃতির বাহাস,
কাল সারারাত পুরোনো সেই,
বিদায় ক্ষণের দীর্ঘশ্বাস

ওদের সাজে ওদের অঙ্গে,
সুখের বাড়ি, চাদর বালিশ,
একাকিত্বের নীলাভ রঙের,
শত টুকরো হাজার নালিশ

ভোরকে দেখে চুপিসারে,
রাত পালালো, দিনতো বাকি,
আমার জীর্ণশীর্ণ ঘর দুয়ারে,
বলো, ওদের কোথায় রাখি?
কোথায় রাখি?

guest
0 Comments
Newest
Oldest Most Voted