| কবিতা | সৃষ্টির মাঝে স্রষ্টা |
| কবি | হাসান মনজু |
| কাব্যগ্রন্থ | দহন বেলা ⚪ প্রিয়জন প্রকাশন |
| সময় | জানু ২০২৩ |
| উৎসর্গ | প্রিয় আধ্যাত্মিক কবি মুন্সি কবির হোসেনকে |
| লিখার স্থান | রাঙামাটি |
| সম্পৃক্ততা | আধ্যাত্বিক গবেষক প্রিয় কবি মুন্সী কবির হোসেনকে কাব্যতর্পণ |
| কবিতার বিষয় | প্রকৃতি |
সৃষ্টির মাঝে স্রষ্টা
প্রভু কোথা হতে আনো এতো জল?
উজান নদীকে টানো ভাটির দিকে,
সবুজ পাতায় শিশির টলমল,
ছোট্ট পাখি ডানায় উড়তে শিখে!
চিন্তাশীল এক শিল্পীর কলায়,
তুমি ঝর্ণার জলে নদী আঁকো,
স্বর্ণাভ মাছ আঁকো জলের তলায়,
রাতে সূর্যকে কোথায় রাখো?
শৈল্পিক টানে আঁকো মেঘের ভেলা,
সফেদ কাশ ও নীলাভ আকাশ।
নদীজলে জোয়ার ভাটার খেলা,
তুমি বীজে রাখো কৃষাণের বিশ্বাস
কোথা হতে আসে মধুর এই রস?
খেজুর গাছে মিষ্টি রসের হাঁড়ি!
প্রশ্ন করার নেই এতোটুকু সাহস,
দেখি তোমার সৃষ্টি সারি সারি
প্রভু এতো রঙ কোথায় পেলে?
রংতুলি আর ক্যানভাস খাতা?
সারাটা দিন উন্মুক্ত হেসে খেলে,
রাতে কেন ঘুমোয় চোখের পাতা?