কবিতা শুরু হলো বৃষ্টির অধ্যায়
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ স্বরচিত নির্জনতা
সময় মে ২০১৯
উৎসর্গ পরশীকে
লিখার স্থান রাঙামাটি
সম্পৃক্ততা পাহাড়ের প্রথম বৃষ্টি দেখে
কবিতার বিষয় প্রকৃতি

শুরু হলো বুঝি বৃষ্টির অধ্যায়

পাহাড়ে পাহাড়ে নেমেছে বৃষ্টিধারা,
চাতকের বুঝি কাটলো বিরহী ক্ষণ,
উপত্যাকায় মেঘেরা সৃষ্টিছাড়া ,
কদম ভিজে, ভিজে পাখিদের মন

পরিযায়ী মেঘ দলবেঁধে সারি সারি,
উড়িয়ে এনেছে বাতাসে দারুন শীত,
মেঘালয় থেকে গুটিয়েছে পাততাড়ি,
পাহাড়ীরা বোঝে মেঘেদের সংগীত

জানি ওরা কোথায় লুকিয়ে থাকে,
পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বণি ওঠে,
নিদাঘের এতো ডাকাডাকি বর্ষাকে,
পাখিরা ছুটছে খড়কুটো নিয়ে ঠোঁটে

গেঙহুলি বুঝি মালহার গেয়ে আজ,
ভেজা সিম্ফনি বাজিয়েছে বেহালায়,
মেঘেদের পায়ে নুপূর, পাখোয়াজ,
শুরু হলো বুঝি বৃষ্টির অধ্যায়

guest
0 Comments
Newest
Oldest Most Voted