কবিতা শীতের দুপুর
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দু'চোখে যতো দাহ / নন্দিতা প্রকাশ
সময় ডিসেম্বর ২০১৩
উৎসর্গ মহুয়া মামনিকে
লিখার স্থান রাঙামাটি
সম্পৃক্ততা পাহাড়ে বিকেল আর সন্ধ্যায় বড্ড গলাগলি
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

শীতের দুপুর

শীতের দুপুর হঠাৎ যাচ্ছে ঢলে,
সন্ধ্যারা এসে বিকেল খাচ্ছে গিলে,
মিষ্টি রোদ দক্ষিণা জানলা গলে,
অতিথি পাখিরা আনন্দ মিছিলে

শিশির জমছে শিউলির বোঁটায়,
একটু একটু ছোট হবে দিন,
উঠোনে এসে মিষ্টি রোদ লুটায়,
পাতারা ভাবে ঝরে যাওয়া সমীচীন

বিকেল সন্ধ্যা বড্ড গলাগলি,
গোধূলি হাঁটে রাতের পিছু পিছু,
সন্ধ্যারাগে পাখির কলকাকলি,
ওরাও বুঝি টের পায় কিছু কিছু

রাত চলেছে ধীর কাছিমের পিঠে,
শীতঘুমের মেজাজ ভেঙেচুরে,
ভোরের হাওয়া স্নিগ্ধ ভারি মিঠে,
স্বপ্নের ধুলো ওড়িয়ে অশ্বখুরে

শহর ছেড়ে জুম পাহাড়ের দেশে,
উপত্যকায় হ্রদের পাশে ইজর,
শ্বাপদ ঘুমায় প্রকৃতির আদেশে,
বন্ধু এসে দেখে যাও এক নজর

guest
0 Comments
Newest
Oldest Most Voted