কবিতা ব্যবধান
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দহনবেলা / প্রিয়জন প্রকাশন
সময় মে ২০২৩
উৎসর্গ সোহেলীকে
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় বিরহ

ব্য ব ধা ন

আচানক তুমি গিয়েছো শহর ছেড়ে,
ভেবেছি শরতে একাই না হয় থাকি,
পৌষ পার্বণ নিয়েছো আমার কেড়ে,
বর্ষাটাও কি একাই ঝরবে নাকি?

ফাগুন এসে একাকী ফিরে যায়,
কেউতো কারো রাখছি না সন্ধান,
কোকিল দেখি না বনপলাশের গাঁয়,
এভাবেই বাড়ে আমাদের ব্যবধান

বসন্ত আসে মেলে না তার ডালা,
এভাবে ক্রমশ যাচ্ছিই দূরে সরে,
বৈষ্ণবী আর গাঁথে না বকুল মালা,
কতদিন তুমি আসো না সময় করে

বলেছিলে কোনো অবকাশে অবসরে,
আগমনীর শেষ অন্তরাটুকু একদিন,
শোনাবে দেহাতি গানের আসরে,
শোধ করে দেবে জমানো দুঃখঋণ

যে যার মতোই গুটিয়েছি হাতখানা,
শীত হেমন্ত চুপিচুপি হলো পার,
কতদিন কারো খবর হয় না জানা,
তুমি খবর নাও না নতুন কবিতার

guest
0 Comments
Newest
Oldest Most Voted