কবিতা পেইন্টার
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দহনবেলা ⚪ প্রিয়জন প্রকাশন
সময় ফেব্রুয়ারি ২০২২
উৎসর্গ প্রিয় কবি এবি সোহেলকে
লিখার স্থান রাঙামাটি
সম্পৃক্ততা প্রিয় কবি A B Shohel কে কাব্যতর্পণ
কবিতার বিষয় রূপক
Review This Poem

পেইন্টার

মন মেতেছে আজ কোন নেশায়,
সব ধুয়ে মুছে এঁকেছি ছবি তাঁর ,
মন সঁপেছি এক সৃজনী পেশায় ,
শহরে আমি এক নতুন পেইন্টার

নীল জোছনা জাহাজের পালে,
সাদা মেঘ এঁকে আকাশ নীলে,
লাল টিপ দেবো পৃথিবীর কপালে,
রংধনু থেকে রং নিয়ে পেন্সিলে

চিবুক রাঙ্গাবো গোলাপি রঙে,
ঠোঁটে চারুকলার ছোট্ট তিল,
হাসি ফোটাবো লাজরাঙা ঢঙে,
কাজল চোখে কাব্যের অন্ত্যমিল

মনের রঙে রাঙাবো পাহাড় নদী,
গাঢ় সবুজের বুকে রূপালী জলে,
সাগর পানে বয়ে যাবে নিরবধি,
রঙিন ছোট্ট নুড়ি ঝর্ণার পদতলে

কান্নার রঙে আমি হাসি আঁকবো,
ঘুচিয়ে দেবো দুঃখির যতো কান্না,
তুলির আঁচড়ে সব দুঃখ ঢাকবো,
যারা দুবেলা দুমুঠো খেতে পান না

পথ এঁকে দেবো, যাঁরা পথহারা,
প্রখর রোদ্দুরে ঘুচিয়ে অমানিশা,
বইয়ে দেবো শীতল ঝর্ণাধারা,
আঁকবো আলোয় পথের দিশা

guest
0 Comments
Newest
Oldest Most Voted