কবিতা দিনে দিনে হলুদ হলো চিঠি
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ কে তুমি নন্দিনী / প্রিয়জন প্রকাশন
সময় আগস্ট ২০১৪
উৎসর্গ নন্দিনীকে
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

দিনে দিনে হলুদ হলো চিঠি⚪হাসান মনজু

দিনে দিনে হলুদ হলো চিঠি,
ফিকে ধূসর হলো কালির রঙ,
এখন সুরে লাগে না লক্ষ্মীটি,
ইমব, বেহাগ, বাসান্ত, গৌড়সারং

মনের দেয়ালে ধরেছে নোনা?
মুছে দিয়েছো যত্নে লেখা নাম?
যে পথে অবাধ আনাগোনা,
পরস্পর প্রতিক্ষায় দাঁড়াতাম

দিকভ্রান্ত এক ঝড়োহাওয়া ,
ভেঙে দিলো স্বপ্নের প্রাসাদ,
হলো না আর কাছে পাওয়া,
মেনেছি বেকারত্বের অপরাধ

আজো কেন বেনোজলে ভাসো ,
যে জলে ডুবেছে স্বপ্নের ঘর,
মন পোড়ে নিজের বিশ্বাসও,
পুড়ে পুড়ে হয়েছে পাথর

হাওয়া এসে বলে যন্ত্রণা ছুঁয়ে,
তুমি দুঃখদের ঘুম পাড়াও,
বৃষ্টিজলে মলিন পাতা ধুয়ে,
সবুজ সতেজ হয় বৃক্ষরাও

গীর্জা থেকে ভেসে আসা,
উদাস নিঃসঙ্গ ঘন্টাধ্বনি,
শূন্যতায় লিখে ভালোবাসা,
আর বিষাদের উদ্বোধনী

guest
0 Comments
Newest
Oldest Most Voted