কবিতা বিলাসিতা
কবি চঞ্চল আশরাফ
Review This Poem

তিনি সবকিছু অগ্রিম চাইতেন :
বৃক্ষের আগে ফল,
সন্ধ্যার আগে চাঁদ—
ঘুমের আগে স্বপ্ন, আর
সূর্যের আগে সকাল।

বিয়ের আগেই তিনি সন্তান চাইলেন,
তার প্রেমিকা গর্ভবতী হলো।
ঘরের আগে চাইলেন জানালা—
আয়তাকার কাঠের ফ্রেমগুলি
দুলতে লাগলো শূন্যে, আর
ছাদের আগেই চাইলেন পাখা;
গোল হয়ে ঘুরতে লাগল বাতাস

যেদিন তিনি নিজের গায়ে হাত বুলিয়ে দেখলেন
তার চামড়ায় মালভূমির মতো ভাঁজ—
মৃত্যুর মিস্ত্রিকে ডেকে তৈরি করলেন
কফিন আর মসৃণ কবর।

সেলাই না-করা শাদা পোশাকে শরীর গলিয়ে
এক লাফে ডিগবাজি খেলেন কফিনে, আর
জুতার শব্দের মতন হাসতে লাগলেন…
তার প্রেমিকা ও সন্তানরা
কাঁধে নিয়ে চলল তাকে, কবরের দিকে

guest
0 Comments
Newest
Oldest Most Voted