| কবিতা | মৃত্যুর দৃশ্যে এক বোবাচরিত্রে |
| কবি | বরুণ কুমার বিশ্বাস |
| কাব্যগ্রন্থ | সমুদ্র থামাও অশ্বারোহী |
| লিখার স্থান | পশ্চিম ধানমন্ডি, ঢাকা |
| কবিতার বিষয় | জীবনমুখী, মৃত্যু, রূপক |
মৃত্যুর দৃশ্যে এক বোবাচরিত্রে
বহুবার দেখেছি মৃত্যুর স্বপ্ন, বহুবার উঠেছি জেগে
বালিশের নিচের অন্ধকার ক্রমশ ঢুকেছে, ঘরে
একজন কালো হত্যাকারী গলাচিপে ধরলে-
বেলেহাঁসের ডানায় ভর করে উড়তে চাই, পারি না
বোবাচরিত্রে হাসফাঁস লাগলে কিছুটা গোঙানি বেরোয়
সঙ্ঘবদ্ধ নিঃশ্বাস ফেলে বারবার বেঁচে থাকতে চাই
শুকনোকাঠ কণ্ঠনালী, জিহবা ও ঠোঁটে
মেঘের জলের শীতল শরবত একটুখানি খেলে
শোকসংবাদটিও উবে যায়, কার হাতের ইশারায়
শব্দহীন চিৎকারে, শব্দহীন কান্নায়
অপরাজিতার হাতের ছোঁয়ায়, মধ্যরাতে বেঁচে যাই
জলের বোতল মুখে দিলে গলে যায় শঙ্কা ও সংশয়
সম্ভাব্য শ্মশান থেকে সংসারে ফিরে
ফের বোবাচরিত্রে অন্তর্ধানে যাই, উপায় নাই
এখানে কেবল মৃত্যুর দৃশ্য নেই, বোবার চরিত্র ভীষণ মিনমিনে