কবিতা গ্রামীণ শীতের ভোর
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৩ নভেম্বর, ২০২১ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
3.5/5 - (2 votes)

শীতের খেজুর রস,
দেখলে কে না হয় খুশিতে
চঞ্চলা সরস?

থাকলে সাথে মুড়ি,
আর কি খাটে কথার মাঝে
হিমের জারি-জুরি!

খুব সকালে দেয় যদি মা
গরম ভাপার থালা,
আর কে থাকে কালা?
লালি যদি দেয় খুলে তার
গন্ধে মনের তালা?

রসে ডোবা চিতই পিঠা
খায় যদি বা খুকি,
সূর্য কি রয় লুকি!
’আয় রোদে আয়’ ছোট্ট সোনা
দেয় সে ডেকেই উঁকি!

গ্রামীণ শীতের ভোর,
এমনি ভাবেই রোজ খুলে তার
শিশির ঝরা দোর!

guest
0 Comments
Newest
Oldest Most Voted