| কবিতা | যারা ভালোবেসেছিল |
| কবি | আজিজুল হক |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, বাংলাদেশ, ভারতবর্ষ |
**যারা ভালোবেসেছিল**
©আজিজুল হক
একটা বিড়ি হবে, বিড়ি?
আমায় দেবে?
আমি একটা দেশলাইয়ের কাঠিতে তা জ্বালিয়ে স্বাধীনতার হৃদয়ে আলো ফেলে দেখব নিংড়ে নেওয়া
ক্ষুদিরাম, আশফাকউল্লাহ কিংবা ভগৎ সিংয়ের রক্ত গুলো।
বিড়ি হবে ,বিড়ি, একটা?
তার মাঝে সুখ টান দিয়ে আমি গান্ধীজির শেষ মুহূর্তের কষ্টের গন্ধ শুকতে চাই,
গডসের সেই বারুদে কতটা ঘৃন্ন ধর্ম বিদ্বেষ লুকিয়ে ছিল!
আমার একটা বিড়ি চাই,
সেই যেমনই হোক,
দেশলাইয়ের কাঠি দিয়ে আমি তাতে অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়ে দেখতে চাই
প্রয়োজন আর প্রিয়জনের মানুষ গুলো ভেতরে ভেতরে কত টা আগুন পুষে রাখে মনে!
সে আগুনের তেজ কতটা পুড়াতে পারে লালকেল্লায় উড়ানো পতপত করে উড়তে থাকা আমার মায়ের দোপাট্টাখানি!
একটা বিড়ি চাই,
তা জ্বালিয়ে আমি সিন্ধুনদের জলে আগুন ধরিয়ে মিশে যাওয়া সব সংস্কৃতি গুলোর হৃদপিন্ড পুড়িয়ে দেব,
কতটা আলাদা হয়,সেটা দেখতে!
এক বাক্স দেশলাইয়ের বাক্স বন্দী কাঠি গুলোর কতটা প্রাণ আছে যে তারা আমার বুকের ভেতরে বাস করা আমার প্রিয়তমার হৃদপিন্ড ছিন্নবিচ্ছিন্ন করতে পারে!
ভীষণ জানতে ইচ্ছে করে!
মানুষের ভীড়ে চলমান অমানুষ গুলো কতবার চেষ্টা করেছে,
তারা পারেনি।
তুমিও পারবে না যতই তুমি লালকেল্লায় বিদ্বেষ ছড়ানোর গল্প শোনাও,
কেন না বিড়ি গুলিও নিষ্ক্রিয় হয়ে উঠে
অদম্য প্রেম ভালোবাসার সিন্ধু নদের তীরে।
©আজিজুল হক