কবিতা মহেঞ্জোদারো কিংবা ‘৪৭
কবি আজিজুল হক
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
সম্পৃক্ততা সাম্প্রতিক
কবিতার বিষয় প্রতিবাদ, ভারতবর্ষ, রাজনৈতিক, স্বাধীনতা

মহেঞ্জোদারো কিংবা '৪৭
©আজিজুল হক

আমার এখন সমস্ত শরীর জুড়ে মহেঞ্জোদারো সারি সারি,
বুকের বাম দিকে পিন দিয়ে আটকানো কাল ব্যাজ ।
আমার এখন পনেরোর সকাল কিংবা লাল কেল্লায়
সূর্য উঠা ভোর
পায়ে পায়ে হেঁটে আজও মিছিলে ভীড় বাড়ায় ধর্মতলা চত্বর।
আমার এখন সমস্ত শরীর জুড়ে বাস করে নিরুপদ্রব অপবাদ !
আমার এখন দুচোখ জুড়ে
রাত্রির সখ্যতা ,
'৫৭,'৫৭ আর '৪৭ - র কি অপার দুঃখ দুর্দশা ।
চোখের জলে রোদ্র ভেজে ,
মিছেই ভাবি প্রেম !
হৃদয় শুধু একাই কাঁদে ,
সাক্ষী শুধু বিষন্ন আর বিপন্ন সুপ্রিম !
বৃষ্টি কোথায়?চোখের জলে ভেঁজে মাটি,
আমার উঠোন জুড়ে রক্তস্রোত ,
কবিতা গুলোর দেহ থেকে অনবরত বেরিয়ে আসছে
এক একটা আস্ত বিষাক্ত সাপ,
মিছিলে পা মেলায় না সে কবিতা,
আস্তিনে লুকোনো ছুরি টা বিচার করে কাব্য মূল্য !
আকাশ জুড়ে এখন দুঃস্বপ্নের দালানকোঠা।
মৃত্যুর সঙ্গে কথা হল আজ,
ভীষণ আদরে আলিঙ্গন করল সে,
মনে হল সেও তো ভাল ,
প্রতিশ্রুতি আর মিথ্যে ভাষণের বালাই নেই,
অন্তত চুরি করা লাইন নিয়ে লিখতে হবে না নেক্রপলিস মার্কা কবিতা!
আর গাঙচিলের স্বপ্ন ।
আমি এখন নিজের কফিনের সঙ্গে সখ্যতা গড়ছি,
একদিন তো সেই আমায় আস্টেপিস্টে জড়িয়ে রাখবে
অনাদরে কিংবা অবহেলায়,
আমার সমস্ত শরীর থেকে খসে পড়বে মাংস গুলো, পচে যাবে,
কত কীট পতঙ্গের বসত ভূমি গড়ে উঠবে আমার কফিনে।
মহেঞ্জোদারোর সঙ্গে দেখা হবে আমার আবার!
আমি মেহেরগড়ের মানুষের কানে কানে বলব..
নিজেকে কখনও একলা ভেব না,
আমি তো আছি !!!
©আজিজুল হক

guest
0 Comments
Newest
Oldest Most Voted