কবিতা প্রিয়তম আমার
কবি আজিজুল হক
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, রাজনৈতিক, সমসাময়িক, স্বাধীনতা

প্রিয়তম আমার
©আজিজুল হক

মায়ের নাভিমূল ছিঁড়ে জন্ম তোমার , হে প্রিয়তম !
তুমি উড্ডীন স্বাধীনতার রক্তে।
উলংগ ছিলে তুমি সেদিনের মধ্য রাতে,
মায়ের অঙ্গ ছেদ করে জন্ম তোমার,
তবুও অসম্ভব যন্ত্রনায় মায়ের মুখে ছিল প্রশান্তির দীর্ঘ ছায়া
তুমি এলে বলেই।
হে প্রিয়তম স্বাধীনতা আমার
তোমার প্রচ্ছন্ন ছায়ায় ঠাঁই দাও !
আমার অস্তিত্বে, মরমে,
চলমান লড়াইয়ে ,মৃত্যু মিছিল গুলোতেও তুমি আছো,
আছো বিমর্ষতায়!
আমার জননীর স্নিগ্ধ হাসি আজ ব্যালট আর বুলেটের লড়াইয়ে ক্লান্ত!
এমন শিশুর জন্ম দিয়ে ক্লান্ত জননী বিমর্ষতার রেশ
দেশ থেকে আজ দেশান্তরে ,
প্রিয়তমার আঁচল জুড়ে অগ্নিগর্ভ ভালোবাসা !
তোমার দেহের নগ্ন ক্ষত চিহ্ন গুলো আজ স্বাধীনতার ব্যালটে জারজ মুহূর্তের জন্ম দেয় প্রতিনিয়ত।
প্রতিবাদ মিছিল বাড়ে,
ক্রমশ উচ্চতা বাড়বে ,
শব্দে শব্দে স্লোগান গুলো বিদ্রোহী হয়ে উঠে জননীর পাঁজরে জ্বালবে আগুন।
মায়ের নাভিমূলে জন্ম নেবে
বিদ্রোহী আকাশ ,
ঈগলের তীক্ষ্ম নজর ক্ষতবিক্ষত করে স্বাধীনতার
সমস্ত উৎস গুলো,
ভালবাসা, তুমি রক্তাক্ত আজ,
উলংগ রাজার দেশে,
আমার মায়ের চোখের জলে
প্রমাদ গুনছে হাজারো লুঠেরা ,
সূর্যের রং ক্রমশ রক্তিমাভ হয়ে উঠছে,
পাখির কলতানে মুখরিত হচ্ছে আকাশ।
আমি দাড়িয়ে আছি পথপ্রান্তে,
মিছিল গুলো ক্রমশ বাড়ছে!
© আজিজুল হক
17/7/23

guest
0 Comments
Newest
Oldest Most Voted